প্রাণঘাতী রোগ কোভিড-১৯ মোকাবিলায় সবচেয়ে কার্যকর উপায় হলো ভ্যাকসিন বা টিকা গ্রহণ করা। অনেকেই আছেন যারা করোনাভাইরাসের ভ্যাকসিন বা টিকা নিতে চান, কিন্তু কীভাবে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে হবে তা জানেন না। আবার অনেকেই আছেন যারা ঝামেলা মনে করে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে চান না। তাদের জ্ঞাতার্থেই বলছি- টিকার জন্য নিবন্ধন খুবই সহজ একটি কাজ। সর্বোচ্চ ৫ মিনিট লাগবে রেজিস্ট্রেশন করতে। চাইলে কাজটি করতে পারবেন আপনার নিজের স্মার্টফোনেও।
নিবন্ধন করতে চাইলে?
প্রথমে সুরক্ষা (www.surokkha.gov.bd) ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইট ছাড়াও আপনার মোবাইলে Android Play Store বা Apple App Store থেকে অ্যাপসটি ডাউনলোড করে তাতে প্রবেশ করতে পারেন।
সেখানে ‘ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন’ লেখা একটি বাটন দেখবেন। তাতে ক্লিক করলে একটি অপশন আসবে, সেটিতে লেখা থাকবে ‘শ্রেণি (ধরন) নির্বাচন করুন’। সেখানে ক্লিক করলে বেশ কয়েকটি অপশন আসবে। আপনার নিজেকে যে শ্রেণির আওতাভুক্ত মনে হবে সেটিতে ক্লিক করবেন আপনি।
এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী) ও ক্যাপচা কোড দিয়ে ‘যাচাই করুন’ বাটনে ক্লিক করতে হবে।
এই সবগুলো তথ্য সঠিক হলে আপনার নাম বাংলা ও ইংরেজিতে চলে আসবে। সেখানে আপনাকে আপনার মোবাইল নম্বরটি দিতে হবে। এই নাম্বারেই ওটিপি কোড এবং ভ্যাকসিনের জন্য এসএমএস আসবে।
এরপর নিচে নামলে একটি অপশন আসবে ‘দীর্ঘমেয়াদী রোগ/কো-মরবিডিটি)’। সেখানে আপনার এ সংক্রান্ত রোগের বিষয়ে হ্যাঁ/না বাটনে ক্লিক করতে হবে।
এরপর আসবে ‘পেশা ও অন্যান্য’ নামে একটি অপশন। সেখানে কোভিড ১৯ কাজের সঙ্গে জড়িত কিনা তা হ্যাঁ/না বাটনে ক্লিক করে জানাতে হবে। হ্যাঁ হলে পেশা নির্বাচন করতে হবে।
এরপর নিচের স্ক্রিনে বর্তমান ঠিকানা (বিভাগ, জেলা, উপজেলা/ থানা/ সিটি কর্পোরেশন, ইউনিয়ন/ পৌরসভা) নির্বাচন করতে হবে। সেটি নির্বাচন করা হলে কোন কেন্দ্রে টিকা দিতে চান তাতে ক্লিক করতে হবে।
এরপর ‘সংরক্ষণ’ (সেইভ) নামে একটি বাটন আসবে, সেটিতে ক্লিক করুন। পুরো তথ্য সেইভ করা হলে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে একটি ওটিপি কোড যাবে। নির্ধারিত বক্সে সেটি টাইপ করে ‘স্ট্যাটাস যাচাই’ অপশনে ক্লিক করলেই আপনার নিবন্ধন সম্পন্ন হয়ে যাবে। এরপর যেকোনো সময় এই একই ওয়েবসাইট থেকে টিকা কার্ড সংগ্রহ করতে পারবেন। ভ্যাকসিন নিতে গেলে এই কার্ডটিই আপনাকে দেখাতে হবে।
যেভাবে টিকা কার্ড সংগ্রহ করবেন
সুরক্ষা (www.surokkha.gov.bd) ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ করে ‘টিকা কার্ড সংগ্রহ’ বাটনে ক্লিক করলে একটি স্ক্রিন আসবে। সেখানে আপনাকে জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ ও নিচে থাকা ক্যাপচা কোড দিতে হবে।
এরপর ‘যাচাই করুন’ বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি কোড যাবে। সেটি দিয়ে ‘ভ্যাকসিন কার্ড ডাউনলোড’ বাটনে ক্লিক করলেই আপনার ভ্যাকসিন কার্ড সামনে চলে আসবে৷ এরপর সহজেই সেটি ডাউনলোড করে নিতে পারবেন।
তাহলে আর অপেক্ষা কীসের? যদি এখনো ভ্যাকসিন না নিয়ে থাকেন, তাহলে দ্রুতই নিবন্ধন করে ফেলুন। মনে রাখবেন, করোনা থেকে আপনার ও আপনার পরিবারের সুরক্ষায় ভ্যাকসিনের চেয়ে কার্যকর আর কিছুই নেই।
তথ্য সুত্র: corona.gov.bd


